শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নতুন করে চোট পেয়ে দুই-তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিলেন, এই তারকা ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপে যাবেন তারা।

বিশ্বকাপে প্রথম ম্যাচে অথবা তার পরের ম্যাচে নেইমার ফিরবেন বলে আশাবাদী আনচেলত্তি। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এই কোচ জানালেন, উত্তর আমেরিকা আসরের জন্য ঘোষিত ২৬ জনের চূড়ান্ত দলে কোনো পরিবর্তন আনা হবে না। “আমরা আশা করছি, প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অথবা তার পরের ম্যাচেই ফিরবে নেইমার। আমরা কাউকে বদলাব না। দলে নেওয়া খেলোয়াড়রা এরাই এবং আমি পরিকল্পনা বদলাচ্ছি না, এই ২৬ জনই বিশ্বকাপ খেলবে।”

২৯ মে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছিল, স্ক্যানে নেইমারের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়েছে। ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

গত মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে যোগ দেন নেইমার। তবে পরদিন প্রথম অনুশীলনে অংশ নেননি তিনি। ডান পায়ের পেশিতে সমস্যা অনুভব করায় ‘ইমেজিং’ পরীক্ষার জন্য তাকে একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। সেখানেই স্ক্যানে তার ওই চোট ধরা পড়ে। ২০২৩ সালের অক্টোবরে পর, জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। কারণ মূলত চোট আর ফিটনেস সমস্যা। তবে আসছে বিশ্বকাপে তাকে দলে নেওয়ার বিষয়ে ব্রাজিলিয়ানদের দাবি ছিল জোরাল। সে কারণেই কি-না, গত ১৮ মে সেলেসাওদের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা তারকাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। যদিও দল ঘোষণার আগের দিন থেকে আরেক চোটে মাঠের বাইরে আছেন ৩৪ বছর বয়সী নেইমার। তাকে ছাড়াই আগামী রোববার পানামার বিপক্ষে এবং ৫ জুন মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে পরের ম্যাচে ২০ জুন হাইতির মুখোমুখি হবে আনচেলত্তির দল এবং গ্রুপের শেষ রাউন্ডে ২৫ জুন তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন