শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
৯২ বছরে প্রথম নেই রিয়ালের কেউ

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড স্পেনের

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ১২:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে বাকি নেই আর ১২ দিন। ধীরে ধীরে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে দেশগুলো। ইতিমধ্যেই একাধিক তারকা ফুটবলারদের বাদ দিয়ে স্কোয়াড সাজিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের হেড কোচ টমাস তুচেল। এবার বড় চমক দিলেন স্পেন। আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবচেয়ে বড় চমক হলো, রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার স্পেনের বিশ্বকাপের দলে জায়গা পাননি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে যা এই প্রথম। 

স্পেনের ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে নেই রিয়ালের কোনও ফুটবলার। সবচেয়ে বড় চমক রিয়ালের সেন্টার ব্যাক ডিন হাউসেন ও লেফট-ব্যাক আলবারো কারেরাস। স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ স্ট্রাইকার আলবারো মোরাতা। তবুও রিয়ালের তরুণ স্ট্রাইকার গন্সালো গার্সিয়াকে ডাকেননি স্পেনের হেড কোচ দে লা ফুয়েন্তে। স্পেনের বিশ্বকাপ খেলার ৯২ বছরের ইতিহাসে এই প্রথম এমন হলো। রিয়ালের কোনও ফুটবলারকে না রাখার এই সিদ্ধান্ত অবাক করেছে ফুটবলপ্রেমীদের।

চোটের জন্য দলে জায়গা পাননি বার্সার মিডফিল্ডার ফের্মিন লোপেজ। তবে আছেন পেদ্রি, গাভি, দানি ওলমোরা। পিএসজির ফাবিয়ান রুইজ, আর্সেনালের মিকেল মেরিনোরা, ম্যান সিটির রদ্রিরা আছেন মিডফিল্ডে। অ্যাটাকে ইয়ামালের সঙ্গে আছেন নিকো উইলিয়ামস, ফেরান তোরেসরা। তবে ডিফেন্সে কুবারসি, এরিক, পিউবিলের মতো তরুণদের উপরেই ভরসা রেখেছেন কোচ দে লা ফুয়েন্তে।

বিশ্বকাপের জন্য স্পেনের চূড়ান্ত স্কোয়াড
গোলকিপার: উনাই সিমন, দাভিদ রায়া, জোয়ান গার্সিয়া
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেয়ান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক পিউবিল, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে, পেদ্রো পোরো
মিডফিল্ডার: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো
ফরওয়ার্ড: লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোরহা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন