২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমে গুরুতর সংকট সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘ বিলম্বের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিশুদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
ইউনিসেফের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সমুদ্র ও আকাশপথে পণ্য পরিবহনে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে জাহাজকে কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হচ্ছে, ফলে পণ্য পৌঁছাতে অতিরিক্ত দুই থেকে চার সপ্তাহ সময় লাগছে। একই সঙ্গে বিভিন্ন আফ্রিকান বন্দরে যানজট এবং আকাশপথে মালবাহী সক্ষমতা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সংস্থাটি জানায়, ভারত থেকে ইথিওপিয়া, নাইজেরিয়া ও কঙ্গোতে ভ্যাকসিন পরিবহনের খরচ ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এছাড়া কেনিয়া থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান ও কঙ্গোতে অপুষ্ট শিশুদের জন্য রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুড পরিবহনের ব্যয় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীন থেকে ইয়েমেন ও মোজাম্বিকে শিক্ষা উপকরণ পাঠানোর সমুদ্র পরিবহন ব্যয় বেড়েছে ১০০ থেকে ১৫০ শতাংশ।
নাইজেরিয়ায় ১ কোটি ২০ লাখ শিশুকে লক্ষ্য করে পরিচালিত একটি পোলিও টিকাদান কর্মসূচির জন্য সিরিঞ্জ বিকল্প পথে পাঠাতে অতিরিক্ত ২ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। মালিতে আন্তর্জাতিক পরিবহন ব্যয় ৩৬ শতাংশ বেড়ে যাওয়ায় শিশু পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা কর্মসূচির ওপর চাপ তৈরি হয়েছে। আফগানিস্তানে সরবরাহের প্রচলিত পথ বন্ধ হয়ে যাওয়ায় জর্জিয়া ও কাস্পিয়ান সাগর হয়ে পণ্য পাঠাতে হচ্ছে, ফলে সরবরাহে প্রায় দুই মাস অতিরিক্ত সময় লাগছে।
ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করে বলেছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জরুরি সহায়তা পৌঁছাতে চার থেকে ছয় মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। সংকটাপন্ন অঞ্চলের শিশুদের জন্য টিকা, পুষ্টি সহায়তা কিংবা অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছাতে এই বিলম্ব জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।
ইউনিসেফ বলেছে, সব প্রতিকূলতার মধ্যেও শিশুদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে তারা ও তাদের অংশীদাররা কাজ চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই এই সংকটকে শিশুদের জীবন ও কল্যাণের জন্য হুমকি হয়ে উঠতে দেবে না।
