২৪ঘন্টা অনলাইন: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানায় কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা চলে। দুপুরে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন আল মুসলিম গ্রুপের শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এছাড়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে দুপুর সোয়া দুইটার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বের হয়ে কারখানাসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে শ্রমিকেরা সড়ক থেকে না সরায় এবং ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া অবরোধ প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুপুরে আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশপাশের শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে সড়কের পাশে অবস্থান করতে দেখা যায়। একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড ছুটি ঘোষণা করেছে বলে জানান শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার পর ওই এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে কিছু শ্রমিক ম্যাক্সকম কারখানার পাশে অবস্থান নেন।
এ সময় পুলিশ তাদের সড়কের পাশ থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে নিজেদের দাবির কথা তুলে ধরেন। পরে পুলিশের পক্ষ থেকে হ্যান্ডমাইকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় বলপ্রয়োগ করতে বাধ্য হওয়ার কথা জানালে শ্রমিকেরা সেখান থেকে চলে যান।
অন্যদিকে বেলা সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সরিয়ে দেয়।
এদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুর সোয়া ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা এমকে অ্যাপারেলসের ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে শ্রমিকেরা জড়ো হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তবে যারা শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মঙ্গলবার পর্যন্ত সাভার ও আশুলিয়া থানায় শ্রমিক অসন্তোষ ও নাশকতার ঘটনায় ২৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বুধবার বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের কারখানার সামনে থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিকলীগের সভাপতি হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। শ্রমিকদের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি এবং শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
শিল্পাঞ্চল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ১৪টি কারখানা বন্ধ ছিল। নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
শ্রমিক অসন্তোষের কারণে দিনভর শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ও অস্থিরতা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলে। তবে কারখানায় উৎপাদন বন্ধ, ছুটি ঘোষণা এবং বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
