বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।

ট্রাম্প-পুতিন-শি বৈঠক, চীনে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৫:৩৯ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতাকে একই আলোচনার টেবিলে বসানোর প্রস্তুতি চলছে চীনে। সেই বৈঠকে অংশ নিতে ১৮ নভেম্বর চীনের প্রযুক্তিনগরী শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাঁকে সরাসরি অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৯ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। সম্মেলনের ফাঁকে ট্রাম্প, শি ও পুতিনের এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, এই তিন নেতা এর আগে কখনো একসঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসেননি।

ট্রাম্পের আগমনকে ঘিরে বিমানবন্দরে ছিল বিশেষ আয়োজন। লালগালিচায় দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান শি জিনপিং। মার্কিন ও চীনের পতাকা হাতে উপস্থিত ছিলেন অভ্যর্থনাকারীরা। দুই নেতার করমর্দনের দৃশ্যও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছে।

সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বিদেশি রাষ্ট্রনেতাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান না শি জিনপিং। ফলে ট্রাম্পকে স্বাগত জানাতে তাঁর সরাসরি উপস্থিতিকে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের গুরুত্বের একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে চীনের ভাইস-প্রেসিডেন্ট থাকাকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন শি। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরের সময় শিকেও বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প। এবার সেই সৌজন্যের প্রতিদান দিলেন চীনা প্রেসিডেন্ট।

অন্যদিকে, ট্রাম্পের আগে বুধবার দিনের শুরুতে শেনজেনে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে স্বাগত জানান চীনের কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী কাই ছি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর এখন বৃহস্পতিবারের বৈঠকের দিকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু আলোচনায় আসতে পারে। তবে বৈঠক থেকে কী ধরনের সমঝোতা বা যৌথ অবস্থান সামনে আসে, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্র। এমন একটি শহরে তিন শক্তিধর দেশের নেতাদের বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
কেশম দ্বীপে মার্কিন হামলার পর কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে তেহরান। বাহরাইনেও দুই দফা সতর্কতামূলক সাইরেন বেজেছে। ঘটনায় দুই দেশ নিন্দা জানিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে আইআরজিসির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সেনা ও সামরিক সম্পদের নিরাপত্তায় আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে এ হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।