২৪ঘণ্টা অনলাইন : ইরানের প্রতিরক্ষাবাহিনীর হাতে কোনো মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত দেশটিতে যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর ব্যাপারে আগ্রহী নন ট্রাম্প। বরং বৃহত্তর সংঘাত এড়াতে তিনি সীমিত মাত্রার উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষ কিছু সময়ের জন্য সহ্য করতে প্রস্তুত।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “ছোটখাটো সংঘাতের কারণে যুদ্ধবিরতি ভাঙবে না। তবে যদি ইরানের হাতে কোনো মার্কিন সেনা নিহত হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।”
গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক সংঘাত টানা ৪০ দিন ধরে চলেছিল। যদিও যুদ্ধবিরতির পরও গত কয়েক সপ্তাহে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সীমিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে মার্কিন কংগ্রেসে এক প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায়নি। তার ভাষ্য, “যেসব হামলা হয়েছে, সেগুলো আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল।”
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তবে আপাতত উভয় পক্ষই বড় ধরনের সংঘাত এড়িয়ে চলার অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, আনাদোলু এজেন্সি
