২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাম্প্রতিক এক ফোনালাপে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, এটি রাগের বশে নয়, বরং বিরক্তি থেকে বলা হয়েছিল।
বুধবার সম্প্রচারিত ‘পড ফোর্স ওয়ান’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। এ কারণেই নেতানিয়াহুকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন। একই সঙ্গে তিনি জানান, তাদের ব্যক্তিগত ও কর্মসম্পর্ক এখনও ভালো রয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে এক উত্তপ্ত ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সমালোচনা করেন এবং হামলা বন্ধের আহ্বান জানান। ওই ফোনালাপের পর বৈরুতে পরিকল্পিত একটি হামলা স্থগিত করা হয়েছিল বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।
এদিকে নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কোনো অবনতি হয়নি। তিনি জানান, দুই দেশের লক্ষ্য অভিন্ন এবং মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে ইরান, লেবানন ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কিছু কৌশলগত মতবিরোধ প্রকাশ্যে এলেও উভয় নেতা প্রকাশ্যে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন।
