২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ব্যবসায়ীদের মতে, হরমুজ প্রণালিতে তাৎক্ষণিক সরবরাহ ঝুঁকি কিছুটা কমে আসায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে।
৬ জুন সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।
অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২ দশমিক ০৪ শতাংশ হ্রাসের সমান। একই সময়ে মুরবান অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ০২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৮ ডলারে নেমেছে।
এছাড়া ডব্লিউটিআই মিডল্যান্ড, মার্স ক্রুড এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক তেলের দামও কমেছে। প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যদিও ডিজেলের দাম সামান্য বেড়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সংঘাতের আশঙ্কা থাকলেও বাজারে বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা আপাতত কমে এসেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ায় তেলের দাম নিম্নমুখী হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এ অঞ্চলের যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।
সূত্র: গালফ নিউজ।
