২৪ঘণ্টা অনলাইন: সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার আরও সুরক্ষিত করেছে ইরান। দেশটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর প্রবেশপথ বন্ধ করে সেখানে মাইন স্থাপন এবং কয়েকটি গোপন সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
১৩ জুন মার্কিন গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এক মাস আগের তুলনায় বর্তমানে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডারে পৌঁছানো অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।
সূত্রগুলোর দাবি, পরমাণু স্থাপনাগুলোর প্রবেশপথ সিল করে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে বিস্ফোরক মাইন পেতে রাখা হয়েছে। ফলে শুধু বাইরের কোনো শক্তির জন্য নয়, প্রয়োজন হলে ইরানের নিজস্ব কর্মকর্তাদের জন্যও সেখানে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা স্কট রোয়েকার বলেন, এসব তথ্য সত্য হলে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার বা পরিদর্শনের কাজ আরও জটিল হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে ইউরেনিয়ামের অবস্থান ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সমৃদ্ধির মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা অস্ত্রমানের ইউরেনিয়ামে পরিণত হতে পারে।
এই ইউরেনিয়াম মজুত দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে অতীতে পরিচালিত সামরিক অভিযানে কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
