শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার আশ্বাস

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বর্তমান ৫০ শতাংশ উৎসব ভাতা পর্যায়ক্রমে শতভাগে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। 

 ১৩ জুন শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা  বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে। এটিকে শতভাগ করার জন্য আমাদের প্রস্তাব রয়েছে। ইতোমধ্যে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। বাজেটের পর পর্যায়ক্রমে শিক্ষকেরা শতভাগ উৎসব ভাতা পাবেন।”

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিদেশে শিক্ষার্থীদের পরিপাটি পরিবেশে স্কুলে যাওয়া দেখে দেশের শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার স্বপ্ন থেকে সরকার কাজ করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে প্রায় সাড়ে ৪ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি জুতা, মোজা ও স্কুল ব্যাগও বিতরণ করা হবে।

এ সময় তিনি বলেন, শিগগিরই দেশের সব স্কুলে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। একই সঙ্গে কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য প্রদান করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন