শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

চালু হচ্ছে হলদে পাখি কার্যক্রম

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১১:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছেন, শিশুদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘হলদে পাখি’ কার্যক্রম চালুর বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।
 
 ১৩ জুন শনিবার রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শৃঙ্খলাভিত্তিক শিক্ষা অপরিহার্য। এ ক্ষেত্রে স্কাউটিং ও গাইডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রম শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক দক্ষতা বিকাশে সহায়ক। প্রয়োজনে স্বল্প ব্যয়ে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে এবং শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে। জুন মাসের মধ্যে ৯০ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এ অগ্রগতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার বিদ্যালয়ে একাডেমিক সার্ভে সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে আরও চার হাজার বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে এর পরিধি ২০ হাজার বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে নিয়মিত তদারকিও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সম্মেলনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম সঞ্চালনা করেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, হলদে পাখি কমিশনার বেলা রানি সরকার, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, ঢাকা, রাজধানী (অতিরিক্ত দায়িত্ব) ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা, ইয়াসমিন আক্তার বানু ও রওশন আরা খান বক্তব্য দেন।

সম্মেলনে ঢাকা, রাজধানী ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, বিজ্ঞ পাখি, কমিশনার ও সদস্যসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন