২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৩তম ইয়ুথ সামিট ২০২৬-এ অংশ নিয়েছেন বাংলাদেশের দুই তরুণ উদ্ভাবক তিশা খান্দোকার ও মো. তৌফিক এলাহী।
প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
‘ফিউচারওয়ার্কস: ডিজিটাল যুগে কর্মসংস্থান নকশা’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনের এই সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবর্তিত শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি নিয়ে বৈশ্বিক আলোচনা হচ্ছে।
উদ্বোধনী অধিবেশনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট আজয় বাঙ্গা তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই চাকরির সুযোগ তৈরি করা এখন বৈশ্বিক উন্নয়ন নীতির অন্যতম প্রধান অগ্রাধিকার।
আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি)-এর ব্যবস্থাপনা পরিচালক মাখতার দিয়প উন্নয়নশীল অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তি ও বিনিয়োগের সমন্বয় কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সামিটের অন্যতম গুরুত্বপূর্ণ সেশন ‘বিয়ন্ড দ্য পিচ ডেক: ফান্ডিং টেবিলের দুই দিক’-এ তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সংগ্রহের চ্যালেঞ্জ এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেশনে অংশ নিয়ে টাইগার নিউ এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিকোল মাও বাংলাদেশের উদ্ভাবন খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু একটি উদীয়মান বাজার নয়, বরং প্রযুক্তি গ্রহণ ও স্কেলযোগ্য উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
সামিটের দ্বিতীয় দিনে ইনোভেশন ল্যাবে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবেন বাংলাদেশের দুই প্রতিনিধি। তিশা খান্দোকার উপস্থাপন করবেন ‘এগ্রিক্রেডিট’ নামে একটি এআইভিত্তিক সমাধান, যা তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে। অন্যদিকে মো. তৌফিক এলাহী উপস্থাপন করবেন ‘স্কিলস টু জবস: টিভেট ট্রানজিশনস’ শীর্ষক একটি এআইনির্ভর রোডম্যাপ, যার লক্ষ্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী ১০ থেকে ১৫ বছরে উদীয়মান অর্থনীতিগুলোতে প্রায় ১২০ কোটি তরুণ কর্মক্ষম বয়সে প্রবেশ করবে। তবে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হলে তা বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ কারণে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে সম্ভাব্য কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা বিশ্বব্যাংক ইয়ুথ সামিট ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক প্ল্যাটফর্ম, যেখানে তরুণ নেতৃত্বে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলার নতুন ধারণা ও সমাধান তুলে ধরা হয়।
