২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। একই সঙ্গে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে তারা।
১৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন মেক্সিকোর অভিজ্ঞ মিডফিল্ডার লুইস রোমো।
প্রথমার্ধে উভয় দলই কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পায়নি। তবে বিরতির পর ৫০ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। সেই সুযোগ লুফে নিয়ে দারুণ এক ভংগিতে বল জালে পাঠান রোমো।
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একাধিক আক্রমণ চালালেও মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এশিয়ার দলটিকে।
এই জয়ে দুই ম্যাচ শেষে নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো। টুর্নামেন্টে শেষ ষোলো নিশ্চিত করা প্রথম দলও তারা।
