শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সুইজারল্যান্ড গেলেন ইরানের আলোচকরা

প্রকাশিত - ২০ জুন, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে প্রতিনিধিদলের সুইজারল্যান্ড সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‌‌‘‘ইরানি আলোচক দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে।’’ এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে দিয়ে বলেছিলেন, এই চুক্তিটি ‘‘সংকটের মুখে’’ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা পাকিস্তান বলেছে, যুদ্ধ অবসানে মার্কিন-ইরান চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে রোববার সুইজারল্যান্ডে একটি কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী পদক্ষেপ হিসেবে ২১ জুন সুইজারল্যান্ডের বার্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’

সূত্র: এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।