শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজে গাছ লাগানোর উৎসব

প্রকাশিত - ২৯ জুন, ২০২৬   ০৭:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরান ঢাকার ঐতিহাসিক লক্ষ্মীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজেও বসেছিল অপরূপ সবুজের মেলা। বর্ষার আগমনীতে চারপাশ যখন সতেজ, ঠিক তখনই সবুজ প্রকৃতির টানে স্কুলের আঙিনায় মেতে উঠেছিল শিক্ষক এবং শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে।

উল্লেখ্য জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

এদিকে ২৯ জুন সকাল ১০টায় সকাল থেকেই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। রঙিন চারাগাছ হাতে নিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট সোনামণিরা। দাঁড়িয়েছিলেন শিক্ষকরাও। সবার চোখে-মুখে ছিল নতুন একটি প্রাণ পৃথিবীর বুকে রোপণ করার অনাবিল আনন্দ।

কর্মসূচির উদ্বোধনকালে শ্রদ্ধেয় অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা আরএনডিএম ছাত্রীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘ছোট-বড় শিক্ষক-শিক্ষার্থী আমাদের প্রতিটি মানুষকেই একটি করে গাছ লাগানো উচিত। কারণ গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সে আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয়, প্রাণ-উজাড় করে সুন্দর ফুল আর সুস্বাদু ফল দেয়। তবে শুধু গাছ লাগালেই তো হবে না, গাছকে ঠিক নিজের ছোট নিজের সন্তানের মতো ভালোবেসে পরম যত্নে বড় করে তুলতে হবে।’

অধ্যক্ষ সিস্টারের এই মিষ্টি কথায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষিকাদের হাত ধরে খুদে শিক্ষার্থীরা মেতে ওঠে চারা রোপণের কাজে। তারা নরম মাটিতে পরম মমতায় রোপণ করে হরেক রকমের ফলজ, ভেষজ এবং ঔষধি গাছের চারা। কোমল হাত দিয়ে মাটিতে পানি দেওয়ার সময় শিশুদের হাসিমুখ পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বর্গীয় আবহ তৈরি করে।

উল্লেখ্য, ১৯১২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। স্বাধীনতার পর থেকে বাংলা মাধ্যমে সফলতার সাথে শিক্ষা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে কলেজ শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। শুধু পড়াশোনাই নয়, নৈতিক মূল্যবোধ ও প্রকৃতির প্রতি ভালোবাসা শেখাতেও এই বিদ্যাপীঠ অনন্য।

বর্ষার এই আষাঢ়-শ্রাবণ মাসে যখন দেশজুড়ে লাখো চারা রোপণ করা হচ্ছে, তখন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের এই ছোট্ট বন্ধুদের গাছ লাগানোর উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। তাদের রোপণ করা প্রতিটি চারা যেন এক একটি সবুজ স্বপ্নের প্রতীক হয়ে ডালপালা মেলবে আগামীর বাংলাদেশে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন