শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৬   ০৭:০৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ৪ জুলাই চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে। সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), পুঁজিবাজারে বিনিয়োগ এবং আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের অংশগ্রহণ বাড়ছে। এই গতিই বাংলাদেশকে বড় অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, "বাজেট তৈরি হয়েছে মূলত বাংলাদেশের স্বার্থে। বিভিন্ন অঞ্চলের সম্ভাবনা বিবেচনায় নিয়ে সেটি কাজে লাগানোর পথ খোঁজা হয়েছে।"

চট্টগ্রামকে লজিস্টিক হাব করার পরিকল্পনা

চট্টগ্রামের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বন্দর শহরটিকে আঞ্চলিক লজিস্টিক হাবে রূপান্তরের জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্ণফুলী নদীর ওপারে আনোয়ারায় ৬০০ একর জায়গায় একটি ফ্রি জোন স্থাপন, বেশ কয়েকটি বন্দর উন্নয়ন প্রকল্প, চট্টগ্রামে একটি চীনা অর্থনৈতিক জোন এবং শাহ আমানত বিমানবন্দরকে বড় কার্গো ও যাত্রী হাবে উন্নীত করার পরিকল্পনা।

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগের বিষয়েও কথা বলেন তিনি। লাকসাম রেলপথ উন্নয়নের মাধ্যমে দুই শহরের মধ্যে ভ্রমণ সময় প্রায় দুই ঘণ্টা কমানোর পরিকল্পনা রয়েছে।
মাতারবাড়ি এলাকায়ও বড় উন্নয়ন কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী।

অর্থনীতি স্থিতিশীল করাই এখন প্রথম লক্ষ্য

বাজেট বাস্তবায়ন এখনও একটি চ্যালেঞ্জ বলে স্বীকার করেন আমির খসরু। তিনি বলেন, "আগের সরকারের কাছ থেকে আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও চাপ বাড়িয়েছে। তাই এখন প্রথম কাজ হলো অর্থনীতিকে স্থিতিশীল করা।"
তবে তিনি আশাবাদী। বলেন, বর্তমান সরকারের তৃতীয় ও চতুর্থ বছরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। তখন পূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগোবে বাংলাদেশ।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন