২৪ঘন্টা অনলাইন: কয়েক মাস আগেও যে কাঁচামরিচ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হয়েছে ৪০০ থেকে ৬০০ টাকা, সেই মরিচ এখন রাজধানীর কয়েকটি বাজারে মিলছে মাত্র ৩০ টাকায়। শীতের আগমনে সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে একই বাজারে ভ্যানগাড়ি ও স্থায়ী দোকানের দামের ব্যবধান ক্রেতাদের মধ্যে তৈরি করেছে নতুন প্রশ্ন।
১৭ নভেম্বর সকালে রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও এলাকার বাজার ঘুরে কাঁচামরিচের দামে এমন বৈপরীত্য দেখা গেছে। এসব এলাকার কয়েকটি ভ্যানগাড়িতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। অন্যদিকে, একই বাজারের স্থায়ী সবজির দোকানগুলোতে কেজিপ্রতি দাম চাওয়া হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কোনো কোনো দোকানে দাম আরও বেশি।
ভ্যানগাড়িতে তুলনামূলক কম দামে মরিচ বিক্রি হওয়ায় সেখানে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। দীর্ঘদিন ধরে চড়া দামে কাঁচামরিচ কিনতে অভ্যস্ত ক্রেতাদের অনেকেই কম দামের সুযোগে একসঙ্গে বেশি পরিমাণে কিনছেন।
সরবরাহ বাড়তেই কমেছে দাম
ব্যবসায়ীদের মতে, শীতের মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়ছে। পাশাপাশি আমদানিকৃত মরিচের উপস্থিতিও বাজারে সরবরাহ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বর্ষা ও বৃষ্টির প্রভাবে আগের উৎপাদনে ক্ষতি হলেও বর্তমানে বাজারে পণ্যের প্রাপ্যতা বেড়েছে। এসব কারণে কাঁচামরিচের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান তারা।
মুগদা বাজারের ভ্যানচালক বিক্রেতা মো. নূরুদ্দীন বলেন, শীতের শুরুতে সাধারণত কাঁচামরিচের সরবরাহ বাড়ে। এবার আমদানিকৃত মরিচও প্রচুর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।
কম দামে পেয়ে স্বস্তিতে ক্রেতারা
কাঁচামরিচের দাম কমে আসায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। আগে বেশি দামের কারণে অনেকেই প্রয়োজন অনুযায়ী মরিচ কিনতে পারতেন না। এখন তুলনামূলক কম দামে পাওয়ায় সেই সংকট কিছুটা কাটছে।
মানিকনগর বাজারে ভ্যানগাড়ি থেকে এক কেজি কাঁচামরিচ কেনেন রিকশাচালক রিয়াজউদ্দিন। যাত্রী নিয়ে যাওয়ার পথে ৩০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হতে দেখে থেমে যান তিনি।
রিয়াজউদ্দিন বলেন, ‘দুই-এক দিন পরপর ১০ থেকে ২০ টাকার মরিচ কিনতে হতো। আজ ৩০ টাকায় এক কেজি পেয়ে কিনে নিলাম।’ এই পরিমাণ মরিচ দিয়ে তাঁর এক মাসের চাহিদা মিটবে বলেও জানান তিনি।
দামের ব্যবধান নিয়ে বিক্রেতাদের ভিন্ন ব্যাখ্যা
কম দামে মরিচ বিক্রি করলেও ভ্যানগাড়ির বিক্রেতাদের দাবি, এতে খুব বেশি লাভ হচ্ছে না। নূরুদ্দীন জানান, তাঁরা কারওয়ান বাজার থেকে পাঁচ কেজি কাঁচামরিচ ১২৫ টাকায় কিনেছেন। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করলে কেজিপ্রতি প্রায় পাঁচ টাকা মুনাফা থাকে।
তবে স্থায়ী দোকানের বিক্রেতারা ভ্যানগাড়ির মরিচের সঙ্গে তাঁদের পণ্যের মান ও জাতের পার্থক্যের কথা বলছেন। মুগদা বাজারের এক সবজি বিক্রেতার দাবি, তাঁরা দেশি কালো ও বেশি ঝালের কাঁচামরিচ বিক্রি করেন। অন্যদিকে ভ্যানগাড়িতে বিক্রি হওয়া মরিচ হাইব্রিড জাতের। এ কারণে দুই ধরনের মরিচের দামে পার্থক্য রয়েছে।
সব মিলিয়ে রাজধানীর কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমলেও একই এলাকার ভ্যানগাড়ি ও স্থায়ী দোকানের মধ্যে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ব্যবধান দেখা যাচ্ছে। তবে রাজধানীর সব বাজারে একই দামে মরিচ বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
