২৪ঘণ্টা অনলাইন: সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ, বিনিয়োগ ও বসবাস সংক্রান্ত ভিসানীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন এসব উদ্যোগের মাধ্যমে বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দেশটিকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন নীতির আওতায় অন-অ্যারাইভাল ভিসার সুবিধা আরও বিস্তৃত করা হয়েছে। আগে সীমিত সংখ্যক দেশের নাগরিকরা এ সুবিধা পেলেও এখন আরও কয়েকটি দেশের ভ্রমণকারীরা সহজ শর্তে ১৪ ও ৬০ দিনের ভিসা পাবেন।
এছাড়া পর্যটকদের জন্য দ্রুত ভিসা সেবাও চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় অনুমোদিত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৪৮ ঘণ্টার মধ্যেই দুবাইয়ের একবার প্রবেশের ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।
বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়মও হালনাগাদ করা হয়েছে। সম্পত্তির ন্যূনতম মূল্যসংক্রান্ত কিছু শর্ত শিথিল করা হয়েছে, ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমিরাতে বসবাসের সুযোগ আরও সহজ হবে।
আঞ্চলিক ফ্লাইট বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা কিছু ভিসাধারীর জরিমানাও সাময়িকভাবে মওকুফ করেছে দেশটি। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের অবস্থান বৈধ করার বা দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিকিৎসা পর্যটন খাতকে উৎসাহিত করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি রোগীরা ভিসা, স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট প্রশাসনিক সুবিধা একটি সমন্বিত ব্যবস্থার আওতায় পাবেন।
অন্যদিকে, ইবোলা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় কয়েকটি আফ্রিকান দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন এসব পদক্ষেপ আমিরাতের পর্যটন, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগ খাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
