২৪ঘণ্টা অনলাইন: ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের অন্তত ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
সরকারের প্রতিমন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি জানান, পশ্চিম উপকূলীয় অঞ্চলের জাবাল দাব্বাস এলাকায় সংঘর্ষের সময় তিহামা অঞ্চলের সেনাসদস্যরা নিহত হন। তিনি দাবি করেন, পাল্টা অভিযানে হুথি বিদ্রোহীদেরও ৫০ জনের বেশি যোদ্ধা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
সরকারপন্থী বাহিনীর একটি সূত্রের মতে, শুক্রবার গভীর রাতে হুথি যোদ্ধারা আকস্মিক হামলা চালিয়ে কয়েকটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ নেয়। পরে শনিবার ভোরে সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে সেসব অবস্থান পুনর্দখল করে।
সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৩ জন সেনাসদস্য। হামলার সময় বিদ্রোহীরা স্নাইপার, ড্রোন এবং মর্টার শেল ব্যবহার করেছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।
স্থানীয় সামরিক কর্মকর্তাদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি হুথিদের অন্যতম প্রাণঘাতী হামলা। তবে এ বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুথি গোষ্ঠী। বর্তমানে তারা রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বড় অংশ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
২০২২ সালের যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কমে এলেও বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা অব্যাহত রয়েছে। সর্বশেষ এই সংঘর্ষ নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
