২৪ঘণ্টা অনলাইন: টানা ভারী বৃষ্টিপাত ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৭ জুলাই দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া জেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলার শিক্ষার্থীরা বুধবারের নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এইচএসসির পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সব শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ধাপে ধাপে নেওয়া হয়। প্রথমে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়। পরে রাত ১২টার দিকে কক্সবাজারকে তালিকাভুক্ত করা হয়। সর্বশেষ রাত ১টা ১৫ মিনিটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার সব পরীক্ষা স্থগিতের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
