শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাণিজ্য ঘাটতি বাড়ল ২৪ শতাংশ

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ১১:৫৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন:  আমদানির ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয় কমে যাওয়ায় দেশের বৈদেশিক পণ্য বাণিজ্যে ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

৯ জুলাই প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে দেশের মোট পণ্য আমদানি হয়েছে ৬৪ দশমিক ২ বিলিয়ন ডলারের, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪০ দশমিক ০৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম।

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি, শিল্পের কাঁচামাল আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং রপ্তানির তুলনায় আমদানির দ্রুত সম্প্রসারণ বাণিজ্য ঘাটতি বৃদ্ধির প্রধান কারণ।

তবে চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতি কিছুটা কমেছে। গত অর্থবছরের মে মাস শেষে চলতি হিসাবের ঘাটতি ছিল ৩০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ৭৮ কোটি ডলার ছিল।

অন্যদিকে সামগ্রিক বৈদেশিক লেনদেনের (ওভারঅল ব্যালেন্স) চিত্র ইতিবাচক রয়েছে। অর্থবছরের প্রথম ১১ মাসে এ খাতে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪০২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যেখানে ১১৫ কোটি ডলারের ঘাটতি ছিল।

রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। জুলাই-মে সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ২৭৭ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি।

তবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। আলোচ্য সময়ে বাংলাদেশে এফডিআই এসেছে ১৩১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১৫৫ কোটি ডলার থেকে কম।

এছাড়া শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগও নেতিবাচক অবস্থায় রয়েছে। অর্থবছরের প্রথম ১১ মাসে নিট হিসেবে ১৭ কোটি ৫০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ বাজার থেকে বেরিয়ে গেছে, যা বিনিয়োগকারীদের আস্থার বিষয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আমদানির ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে বাণিজ্য ঘাটতির চাপ আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন