২৪ঘন্টা অনলাইন : হরমুজ প্রণালিতে হামলার শিকার হওয়া একটি কনটেইনার জাহাজ থেকে সব নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার পর তারা লাইফবোটে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সামরিক কর্তৃপক্ষ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তারা এ তথ্য পেয়েছে।
সেন্টকমের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি-তে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাহাজটি আর যাত্রা চালিয়ে যেতে পারেনি।
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
