২৪ঘন্টা অনলাইন : হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, হরমুজ দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও ২০ শতাংশ শুল্ক দিতে হবে। তাঁর দাবি ছিল, গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে ব্যয় করছে, তা মেটাতেই এ উদ্যোগ।
তবে মঙ্গলবার তিনি আগের অবস্থান বদলে জানান, শুল্ক আরোপের পরিবর্তে উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে।
বিশ্লেষকদের মতে, চার মাসের বেশি সময় ধরে চলা ইরান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে পেতে এখনো হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও পুরোপুরি কার্যকর হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ–এর রোজমেরি কেলানিড বলেন, সংঘাত এখন ক্ষয়যুদ্ধের রূপ নিয়েছে। অন্যদিকে কাউন্সিল অন ফরেন রিলেশনস–এর এলিয়ট আব্রামসের মতে, এখন মূল প্রশ্ন হলো—দীর্ঘমেয়াদি এই সংকটে কার ধৈর্য বেশি থাকবে।
বিবিসি জানায়, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে যায়, যা গত ছয় বছরের মধ্যে এক দিনে সবচেয়ে বড় বৃদ্ধি। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা তৈরি হতে পারে।
