শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৬   ০৬:০৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ শঙ্কার কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা প্রায় ০.৭ শতাংশ বেড়ে ৮৫.৩১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৯.৬৯ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে মার্কিন চাপ এবং এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা বাজারকে অস্থির করে তুলছে।

এর আগে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, তেলের বাজারের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কতটা বিস্তৃত হয় তার ওপর। বর্তমানে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ তুলনামূলক স্থিতিশীল থাকলেও সংঘাত দীর্ঘায়িত হলে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে সরবরাহ সংকট দেখা দিতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।