২৪ঘন্টা অনলাইন : ইরানের বিভিন্ন স্থানে আবারও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এ হামলার মধ্য দিয়ে টানা ১১ দিন ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
২৩ জুলাই সকালে ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, দেশটির বুশেহর প্রদেশের একটি সামরিক স্থাপনায় দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাদেশিক প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় ভোরে প্রথম হামলার পর কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ওই এলাকায় হামলা চালানো হয়।
এদিকে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১১ জন আহত হন। স্থানীয় কর্মকর্তাদের দাবি, হতাহতের ঘটনা ঘটলেও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সীমান্ত পারাপার পুরোপুরি বন্ধ করা হয়নি।
চলতি মাসের শুরুতে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
