২৪ঘণ্টা অনলাইন : মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা আন্দোলন ও পদত্যাগের দাবির মুখেও ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র।
২৪ জুলাই এনডিটিভির এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের বরাত দিয়ে বলা হয়, সরকার শিক্ষামন্ত্রীর পাশে রয়েছে এবং তাকে বহিষ্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত বিবেচনায় নেই।
সূত্রটি জানায়, জনগণ সরকারকে দায়িত্ব পালনের জন্য ম্যান্ডেট দিয়েছে এবং সেই দায়িত্বই সরকার পালন করছে। জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-সংক্রান্ত যেসব ত্রুটি ও অনিয়ম সামনে এসেছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আরও কঠোর পদক্ষেপ আসবে বলেও জানানো হয়।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত দুই মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। তাদের প্রধান দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
গত সোমবার আন্দোলনকারীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। কংগ্রেসসহ ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছে।
ওড়িশার রাজনীতিক ধর্মেন্দ্র প্রধান বর্তমানে মোদি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি তীব্র রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছেন।
