২৪ঘন্টা অনলাইন : “যে বেবি পাউডারের ওপর চোখ বুজে ভরসা করতেন কোটি কোটি মা, সেটিই কি তবে শিশুদের জন্য ডেকে আনছে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ?”
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘জনসন অ্যান্ড জনসন’-এর ট্যালকম পাউডার ব্যবহারে নারীদের ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার অভিযোগে তোলপাড় বিশ্ববাজার!
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দেশটিতে জমে উঠেছে প্রায় ৭০ হাজার মামলা। বছরের পর বছর ধরে চলা এই দীর্ঘ আইনি লড়াই সামলাতে এবার নজিরবিহীন সমঝোতার পথ বেছে নিল জনসন অ্যান্ড জনসন।
মামলাগুলো চিরতরে নিষ্পত্তি করতে প্রায় ৬.৫ বিলিয়ন ডলার—বা বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৮ হাজার কোটি টাকা—পরিশোধের এক বিশাল প্রস্তাব দিয়েছে মার্কিন এই কোম্পানিটি!
যদিও শুরু থেকেই ক্যানসারের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে তারা। জনসনের দাবি, অভিযোগগুলো অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন।
তবে মামলার জট কাটিয়ে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা উদ্ভাবনে মনোযোগ দিতেই আগামী বছর ৩ বিলিয়ন ডলারসহ মোট টাকা পরিশোধের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
প্রাকৃতিক খনিজ ‘ট্যালক’ হরণের সময় বিষাক্ত অ্যাজবেস্টসের সংস্পর্শে আসায় এই ক্যান্সারের ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগ বাদীদের। বিতর্কের মুখে পড়ে ২০২২ সালেই বিশ্বজুড়ে ট্যালকযুক্ত বেবি পাউডার তৈরি ও বিক্রি বন্ধ করে দিয়েছিল তারা।
কিন্তু মামলার বিশাল এই অঙ্কের অর্থ পরিশোধের প্রস্তাব কি বিশ্বজুড়ে জনসনের হারানো আস্থা আর সুনাম ফিরিয়ে আনতে পারবে?
