শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্কিন ঘাঁটির তথ্য ফাঁস রোধে মোবাইলে কড়াকড়ি

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৬   ১২:৩২ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলার মুখে মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে সেনাদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে সংবেদনশীল ঘাঁটিতে মোতায়েন সেনাদের মোবাইল ফোন জমা রাখার নির্দেশনাও দেওয়া হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সতর্ক করে বলেছেন, সেনাদের ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইরান মার্কিন ঘাঁটির অবস্থান, ক্ষয়ক্ষতি এবং হামলার কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছে।

এ কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সেনাদের মোবাইল ফোন ব্যবহারে নতুন বিধিনিষেধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের ক্ষেত্রে এ ব্যবস্থা দ্রুত কার্যকর হতে পারে বলে জানা গেছে।

তবে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ফোন সম্পূর্ণ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কোথাও কোথাও সংবেদনশীল দায়িত্ব পালনের সময় সেনাদের ফোন নিরাপদ স্থানে জমা রাখতে হতে পারে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স বলেন, অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। এটি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ।

সম্প্রতি জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে হামলার সময় সেনাদের বাঙ্কারে আশ্রয় নেওয়ার দৃশ্য দেখা যায়। মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের ছবি ও ভিডিও শত্রুপক্ষকে হামলার ফলাফল মূল্যায়ন এবং ভবিষ্যৎ হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারে।

এদিকে পেন্টাগনও দীর্ঘদিন ধরে সেনাদের মোবাইল ডিভাইস ও অবস্থাননির্ভর অ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে আসছে। কর্মকর্তাদের আশঙ্কা, এসব তথ্য প্রতিপক্ষের হাতে গেলে তা সামরিক অভিযানের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।