শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রেস্তোরাঁয় বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো

প্রকাশিত - ০২ আগস্ট, ২০২৬   ০২:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। ২ আগস্ট দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারের কাছে অবস্থিত একটি রেস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শহরের অন্যতম ব্যস্ত এলাকায় অবস্থিত।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানায়, হাতে তৈরি বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁয় উপস্থিত এক অতিথির মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। এটি মস্কোর ঐতিহাসিক স্তালিন আমলের একটি বহুতল ভবনের ভেতরে অবস্থিত। তবে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন বা হামলার লক্ষ্য কী ছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রেস্তোরাঁ থেকে রক্তাক্ত অবস্থায় বহু মানুষকে বের করে আনা হয়। পরে জরুরি সেবা কর্মীরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে বিস্ফোরণের উৎস হিসেবে রেস্তোরাঁর রান্নাঘরকে সন্দেহ করা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটেছিল।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সময় এলাকায় আয়োজিত একটি সান্ধ্য সাইকেল ভ্রমণ কর্মসূচিও বাতিল করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে একাধিক উচ্চপদস্থ রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা ও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য রাশিয়া বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।