শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭

প্রকাশিত - ০৩ আগস্ট, ২০২৬   ১১:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় জনপ্রিয় পর্যটন শহর গেলেন্দঝিকে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবারের এই হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার অভিযোগ, হামলাটি জনবহুল পর্যটন এলাকায় চালানো হয়েছে এবং এটি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। যুদ্ধের শুরু থেকেই উভয় পক্ষই বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হামলার একাধিক ভিডিও যাচাই করে জানিয়েছে, ভিডিওতে দেখা যায় একটি ড্রোন গেলেন্দঝিকের কাছে জনবহুল সৈকত এলাকায় আছড়ে পড়ে এবং শক্তিশালী বিস্ফোরণ ঘটায়।

গেলেন্দঝিক যে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের অন্তর্ভুক্ত, সেখানকার গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বলেন, এটি কিয়েভের পক্ষ থেকে বেসামরিক মানুষের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা এবং এর সঙ্গে কোনো সামরিক স্থাপনার সম্পর্ক নেই।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রিসোর্ট এলাকা আর্খিপো-ওসিপোভকা গ্রামে বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং অতিরিক্ত চিকিৎসক দল মোতায়েন করা হয়।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে তিন শিশুসহ ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসের পথ’ বেছে নেওয়ার অভিযোগ তুলেছেন।

উল্লেখ্য, গত মাসেও রাশিয়া অভিযোগ করেছিল, ইউক্রেনীয় বাহিনী রুশ-নিয়ন্ত্রিত জাপোরিজিয়া অঞ্চলের একটি হলিডে ক্যাম্পে হামলা চালিয়ে চার শিশুসহ ১১ জনকে হত্যা করেছে। তবে ওই অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।