শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ: নিরাপদে দেখার জন্য যে নির্দেশনা দিল নাসা

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ১২:২২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী ১২ আগস্ট বিশ্বজুড়ে ঘটতে যাচ্ছে মহাজাগতিক বিস্ময়—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এদিন দিনের বেলায় হুট করেই নেমে আসবে গোধূলির মতো অন্ধকার, উঁকি দেবে তারামণ্ডলী! তবে অভাবনীয় এই দৃশ্য সুরক্ষামূলক চশমা ছাড়া দেখলে চোখের চিরস্থায়ী ক্ষতি হতে পারে। তাই নিরাপদে গ্রহণ উপভোগ করতে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে নাসা।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে এসে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, তখনই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। নাসার মতে, আবহাওয়া অনুকূল থাকলে এ সময় সূর্যের বাইরের স্তর বা ‘করোনা’ স্পষ্ট দেখা যায়। এবারের গ্রহণটি মূলত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া ও পর্তুগালের কিছু অংশ থেকে দেখা যাবে। উত্তর গোলার্ধের বেশ কিছু দেশ আংশিক গ্রহণ দেখলেও, বাংলাদেশে এ সময় রাত থাকায় এটি দৃষ্টিগোচর হবে না।

নাসা জানিয়েছে, সাধারণ রোদচশমা পরে কখনোই গ্রহণ দেখা উচিত নয়। এর জন্য অবশ্যই 'ISO 12312-2' মানসম্পন্ন বিশেষ সোলার গ্লাস ব্যবহার করতে হবে। চোখে দেওয়ার আগে গ্লাসে কোনো ফাটল বা দাগ আছে কি না, তা যাচাই করা জরুরি।

একমাত্র সূর্য যখন পুরোপুরি ঢাকা পড়ে, কেবল তখনই ক্ষণিকের জন্য গ্লাসটি খোলা নিরাপদ। এছাড়া সোলার গ্লাস পরে কোনো ক্যামেরা, বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকানো যাবে না। গ্লাস না থাকলে পিনহোল প্রজেক্টরের সাহায্যে মাটিতে পড়া ছায়া দেখা যেতে পারে। রোদে দীর্ঘক্ষণ থাকার কারণে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শও দিয়েছে নাসা।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন