২৪ঘন্টা অনলাইন : “উপার্জনের আশায় বিভূঁইয়ে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু কে জানতো, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে একের পর এক লাশ হয়ে ফিরতে হবে জন্মভূমিতে!”
দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ঘটে চলেছে এক অশুভ ও মর্মান্তিক ঘটনা। মাত্র ১০ দিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন ৮ জন বাংলাদেশি প্রবাসী!
গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে পর পর এই মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র শোক ও উদ্বেগ।
হাইকমিশনের তথ্য মতে, নিহতদের বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। মানসিক চাপ, শারীরিক অসুস্থতা আর কর্মক্ষেত্রের দুর্ঘটনাই কেড়ে নিয়েছে এই তাজা প্রাণগুলো।
কেউ মারা গেছেন স্ট্রোকে, কেউ হৃদরোগে। আবার ২১ বছরের তরুণ ভুলবশত কেমিক্যাল পান করে আর ২৩ বছরের যুবক প্রাণ হারিয়েছেন কর্মক্ষেত্রের দুর্ঘটনায়!
বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে ৫ জনের মরদেহ দেশে পাঠিয়েছে, বাকিগুলোও দ্রুত পাঠানোর ব্যবস্থা চলছে।
পরিবার থেকে দূরে থাকা, কাজের অনিশ্চয়তা আর আর্থিক দুশ্চিন্তায় প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
