২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে একীভূত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
১৭ আগস্ট রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয়ে কথা বলেন রামদেব। সেখানে তিনি সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্র নিয়েও মন্তব্য করেন।
রামদেব দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের ওপর নিগ্রহ ও অবিচার মানবসভ্যতার বড় নিষ্ঠুরতার উদাহরণ। তার দাবি, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সঙ্গে পুনরায় একীভূত হবে।
ভারতের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন রামদেব। তিনি বলেন, ভারতের অর্থনীতিকে বিশ্বের শীর্ষ পর্যায়ে দেখতে চান। একই সঙ্গে রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমান এবং ভারতীয় পাসপোর্টকে এত শক্তিশালী দেখতে চান, যাতে বিশ্বের কোথাও ভ্রমণে ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়।
