শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৭ বছর পর ৯/১১ হামলার বিচার

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৬   ০২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দীর্ঘ প্রতীক্ষিত বিচার শুরু হতে যাচ্ছে ২০২৮ সালে। প্রায় ২৭ বছর পর অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীর বিচার শুরুর জন্য ২০২৮ সালের ৫ জুন তারিখ নির্ধারণ করেছেন মার্কিন সামরিক আদালতের বিচারক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৬ আগস্ট) মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামার বিচার-সময়সূচি নির্ধারণের আদেশ জারি করেন। এতে গুয়ান্তানামো বে সামরিক ঘাঁটিতে আটক চার আসামির বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়।

মামলার প্রধান আসামি খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে ওয়ালিদ বিন আত্তাশ, আলী আব্দুল আজিজ আলী ও মুস্তফা আল-হাউসাভি বিচারের মুখোমুখি হচ্ছেন। তাদের বিরুদ্ধে ২০০১ সালের ৯/১১ হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

এর আগে প্রসিকিউটররা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর প্রস্তাব দিয়েছিলেন। তবে বিচারপূর্ব আইনি বিরোধ, সাক্ষ্য-প্রমাণের গ্রহণযোগ্যতা এবং অন্যান্য আইনি বিষয় নিষ্পত্তিতে আরও সময় প্রয়োজন হওয়ায় বিচারক নতুন সময়সূচি নির্ধারণ করেছেন।

তবে ২০২৮ সালের ৫ জুনেই বিচার শুরু হবে—এ নিশ্চয়তা এখনো নেই। এর আগেও একাধিকবার বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হলেও বিভিন্ন আইনি জটিলতায় তা পিছিয়ে যায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সন্ত্রাসীরা। দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে এবং একটি পেন্টাগনে আঘাত হানে। অপর বিমানটি যাত্রীদের প্রতিরোধের মুখে পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।

মামলাটির বিচার দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ আসামিদের জিজ্ঞাসাবাদে সিআইএর ব্যবহৃত নির্যাতনমূলক পদ্ধতি। ওয়াটারবোর্ডিংসহ এসব পদ্ধতির মাধ্যমে পাওয়া তথ্য আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক চলছে।

২০২৪ সালে আসামিদের সঙ্গে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই চুক্তিতে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের বিনিময়ে দোষ স্বীকারের সুযোগ রাখা হয়েছিল। তবে রাজনৈতিক বিতর্ক ও নিহতদের স্বজনদের আপত্তির পর সেই উদ্যোগ বাতিল হয়ে যায়।

২০০৩ সাল থেকে আটক থাকা খালিদ শেখ মোহাম্মদ ও তার সহযোগীদের বিরুদ্ধে এখনো চূড়ান্ত রায় হয়নি। বেসামরিক আদালতের পরিবর্তে গুয়ান্তানামো বে-র বিশেষ সামরিক আদালতে বিচার পরিচালনার সিদ্ধান্তও মামলাটিকে জটিল করে তুলেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, বিচারপূর্ব আইনি জটিলতা নির্ধারিত সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে ২০২৮ সালের ৫ জুন থেকে ৯/১১ হামলার বহুল প্রতীক্ষিত বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।