২৪ঘণ্টা অনলাইন : নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৩৭০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬০০ বিদেশি পর্যটক। এই পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ কয়েকটি দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে নেপাল সরকার। এর পরিবর্তে দেশটি উদ্ধার ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের জন্য অর্থ সহায়তা চেয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কার্যক্রমের পাশাপাশি পরবর্তীতে অবকাঠামো সংস্কার ও পুনর্বাসনেও অর্থের প্রয়োজন হবে। ইতোমধ্যে কয়েকটি দেশ নেপালকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার পেছনে ২০১৫ সালের ভূমিকম্পের অভিজ্ঞতাকে অন্যতম কারণ হিসেবে দেখছে নেপাল। দেশটির এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ওই সময় বিভিন্ন দেশের উদ্ধারকারী দলের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছিল। এবার সেনাবাহিনী ও পুলিশের পরামর্শে বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব গ্রহণ করা হয়নি।
নেপালি কর্মকর্তাদের দাবি, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় দেশটির সেনাবাহিনী ও পুলিশ সক্ষম। তাই বর্তমানে তাদের প্রয়োজন মূলত আর্থিক সহায়তা।
নেপালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল।
এদিকে বন্যায় বিভিন্ন দেশের পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা বেশি। ভারত তাদের নাগরিকদের উদ্ধারে সরাসরি অভিযানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও নেপাল সরকার এতে অনুমতি দেয়নি।
