২৪ঘণ্টা অনলাইন : জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অগসবার্গের একটি ট্রেন স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর স্টেশন ভবন ও ১ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচলও বিকল্প লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।
২ সেপ্টেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অগসবার্গ পুলিশের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় স্টেশনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় গণপরিবহন ব্যবস্থাতেও সাময়িক বিঘ্ন ঘটে।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে বাভারিয়ান স্টেট ক্রিমিনাল পুলিশ অফিস। ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞরাও কাজ করছেন।
এদিকে একই সময়ে জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে বিদ্যুৎ অবকাঠামোয় নাশকতার অভিযোগের তদন্ত চলছে। কোলোনের কাছে বার্গহাইমের রাইডট এলাকায় আমপ্রিয়ন পরিচালিত একটি বিদ্যুৎ সাবস্টেশনে মঙ্গলবার হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কারিগরি ত্রুটির কারণে হয়নি; বরং এটি উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড হতে পারে। হামলার কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলেও দেশটির সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আমপ্রিয়ন কর্তৃপক্ষ।
এই ঘটনার সঙ্গে ব্রান্ডেনবার্গে সাম্প্রতিক নাশকতার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এর আগে ব্রান্ডেনবার্গের ইয়েনশভাল্ডে একটি বিদ্যুৎকেন্দ্রের কাছে অতিরিক্ত উচ্চ-ভোল্টেজ লাইনে নাশকতার ঘটনা ঘটে। রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান রেডম্যান জানান, আতশবাজি বা প্রজেক্টাইলের মতো কোনো বস্তু ব্যবহার করে শর্ট সার্কিট ঘটানো হয়েছিল। এতে বিদ্যুৎ সঞ্চালন লাইন সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
