২৪ঘণ্টা অনলাইন : মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
২ সেপ্টেম্বর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
মন্ত্রণালয় জানায়, ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার কাছে নুওয়েবাগামী পথে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ২৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আহতদের পরিস্থিতি পর্যবেক্ষণে চিকিৎসকদের একাধিক দল কাজ করছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
