২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় আবারও জীবিত কোনো প্রেসিডেন্টের প্রতিকৃতি স্থান পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত বিশেষ ১ ডলারের স্মারক মুদ্রা উন্মোচন করেছে মার্কিন সরকারি টাকশাল ইউএস মিন্ট।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বুধবার মুদ্রাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ ও ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দ খোদাই করা হয়েছে।
ইউএস মিন্ট জানিয়েছে, মুদ্রাটি সাধারণ লেনদেনের জন্য ব্যাপকভাবে বাজারে ছাড়া হচ্ছে না। তবে কোনো লেনদেনে ব্যবহার করা হলে এটি বৈধ অর্থ হিসেবে গণ্য হবে।
মার্কিন আইনে সাধারণত জীবিত ব্যক্তির ছবি সরকারি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নকশার বিধান ব্যবহার করে এই স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে।
সংগ্রাহকদের জন্য ২৫টি মুদ্রার একটি রোলের দাম রাখা হয়েছে ৬১ ডলার এবং ১০০ মুদ্রার একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্টের ওয়েবসাইটে মুদ্রার মজুত শেষ হয়ে যায়। ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের বিক্রয়কেন্দ্রেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।
মুদ্রাগুলো দেখতে সোনালি হলেও এতে কোনো খাঁটি সোনা নেই। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, এতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা এবং বাকি অংশে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণ রয়েছে।
জীবিত প্রেসিডেন্টের ছবি মার্কিন মুদ্রায় ব্যবহারের নজির অবশ্য একেবারে নতুন নয়। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত আধা-ডলারের স্মারক মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল।
এর আগে ট্রাম্পের ছবি সংবলিত ২৫০ ডলারের একটি নতুন ব্যাংক নোট প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি কাগজের নোটে ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার উদ্যোগের কথাও জানানো হয়েছে।
