শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

উত্তরাখণ্ডে ১৭ মাদ্রাসা সিলগালা

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের উত্তরাখণ্ডে অনুমোদন ও নির্ধারিত শিক্ষাব্যবস্থার নিয়ম না মানার অভিযোগে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজ্য প্রশাসন। এখন পর্যন্ত ২০টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে। এর মধ্যে ১৭টি সিলগালা করা হয়েছে এবং তিনটির কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে।

৬ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, দেহরাদুন ও হালদাওয়ানিতেও প্রশাসনের অভিযান সম্প্রসারিত হয়েছে।

রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানান, নির্ধারিত স্বীকৃতি ও শিক্ষার মানদণ্ড পূরণ না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম ও স্বীকৃতির শর্ত পূরণ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

সর্বশেষ অভিযানে দেহরাদুনে তিনটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে আজাদ কলোনির মাদ্রাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়াকে সিলগালা করা হয়েছে। একই এলাকার মাদ্রাসা দার-ই-আরকাম এবং মাজরার মাদ্রাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

হালদাওয়ানিতে প্রয়োজনীয় স্বীকৃতির নথি দেখাতে না পারায় আরও দুটি মাদ্রাসা সিলগালা করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে উত্তরাখণ্ড সরকার রাজ্যের আইনগত মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন করে। নতুন ব্যবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছে। মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টান, শিখ, পারসি, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও এর আওতায় রয়েছে।

সরকার জানিয়েছে, নতুন কাঠামোর অন্যতম লক্ষ্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এ কারণে নির্ধারিত নিয়ম ও স্বীকৃতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আইন ও নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, নতুন কাঠামো চালুর আগে উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ডের স্বীকৃত মাদ্রাসার সংখ্যা ছিল ৪৫২টি। এর আগে স্বীকৃতির জন্য আবেদন না করা ২০০টির বেশি মাদ্রাসার বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছিল।

এদিকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও শিক্ষার মান নিয়ন্ত্রণের বিষয়ে ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্টও পর্যবেক্ষণ দেয়। আদালত বলেছিল, সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অধিকার থাকলেও শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্র প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।