২৪ঘণ্টা অনলাইন : নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকায় ৩ টাকা বাড়ানোর প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্টদের মতে, নতুন মূল্য নির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমার পাশাপাশি সরকারের রাজস্ব ঘাটতিও কিছুটা কমতে পারে।
এদিকে একই বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর ছয় মাস পর্যন্ত এসব যন্ত্রপাতি আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্কসহ বিভিন্ন কর অব্যাহতি দেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহ-সংক্রান্ত ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংশ্লিষ্টদের আশা, চুক্তিটি বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
