শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি উত্তোলন

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রথম দিনেই প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন। ৮ সেপ্টেম্বর দিন শেষে ব্যাংকটির দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, টাকা উত্তোলন নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও প্রথম দিনে প্রত্যাশার তুলনায় উত্তোলনের পরিমাণ কিছুটা কম হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। পাঁচ ব্যাংক মিলে নতুন ব্যাংকটির মোট শাখা রয়েছে ৭৬১টি।

ব্যাংক সূত্রে জানা গেছে, আমানত ফেরত পাওয়ার জন্য এখন পর্যন্ত পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনে দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে গত রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় প্রয়োজনীয় অর্থ পাঠানো হয়।

এদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন আটকে থাকা আমানতের টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকদের উপস্থিতি ছিল। অনেকেই কোনো ধরনের জটিলতা ছাড়াই টাকা উত্তোলন করতে পেরেছেন।

দীর্ঘদিন পর নিজেদের সঞ্চয়ের অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকেরা। আমানত ফেরত দেওয়ার উদ্যোগে সন্তোষও জানিয়েছেন অনেকে।

ইউনিয়ন ব্যাংকের মতিঝিল শাখার এক গ্রাহক বলেন, আমানত ফেরত পাওয়া নিয়ে তিনি দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন। টাকা হাতে পাওয়ার পর সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে।

ব্যাংক সূত্র বলছে, পর্যায়ক্রমে আবেদনকারীদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন