২৪ঘণ্টা অনলাইন : মোংলা বন্দরে এমভি আনাসা জাহাজে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন বেশি স্ল্যাগ শনাক্ত করেছে কাস্টমস। অতিরিক্ত পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা।
৮ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, স্ল্যাগবাহী এমভি আনাসা গত ১ সেপ্টেম্বর মোংলা বন্দরের হারবাড়িয়া-৭ এলাকায় নোঙর করে। জাহাজটির বিল অব লেডিংয়ে ২৪ হাজার মেট্রিক টন স্ল্যাগ থাকার ঘোষণা দেওয়া হয়েছিল।
জাহাজটি বন্দরে পৌঁছানোর পর কাস্টমস কর্মকর্তারা শিপিং এজেন্ট, সার্ভে ও মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়ে প্রাথমিক লাইট ড্রাফট সার্ভে করেন। এতে জাহাজে প্রায় ২৫ হাজার ৪৬৪ দশমিক ৬৮২ মেট্রিক টন স্ল্যাগ থাকার তথ্য পাওয়া যায়।
প্রাথমিক সার্ভের ফলাফল নিয়ে আমদানিকারক ও জাহাজসংশ্লিষ্টদের আপত্তি ওঠে। পরে কাস্টমসের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে পুনরায় যৌথ সার্ভে করা হয়।
দ্বিতীয় দফার লাইট ড্রাফট সার্ভেতে জাহাজে চূড়ান্তভাবে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ থাকার তথ্য পাওয়া যায়। অর্থাৎ ঘোষিত ২৪ হাজার মেট্রিক টনের তুলনায় অতিরিক্ত পাওয়া গেছে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন।
এনবিআর বলছে, অতিরিক্ত শনাক্ত হওয়া স্ল্যাগের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা। এই অতিরিক্ত পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক-কর আদায়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম নেওয়া হবে।
