২৪ঘণ্টা অনলাইন: ইরানের ভূখণ্ডে অবস্থিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালির নাম যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৯ সেপ্টেম্বর টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী প্রচারণা সভায় দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং এর ফলে তেলের দাম কমবে। একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধে জয় পেতে শুরু করেছে এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে।
নিজের নামে জলপথটির নামকরণের প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুদ্ধ থেকে তারও কিছু পাওয়া উচিত। এরপর সমাবেশে তিনি ঘোষণা দেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হবে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই মানচিত্রেও জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ লেখা ছিল।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরান এ পথে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এদিকে, এক মাসের বেশি সময়ের অনানুষ্ঠানিক বিরতির পর গত ৩০ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রাকৃতিক জলাশয়ের নাম পরিবর্তনে ট্রাম্পের আগ্রহের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৫ সালে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন তিনি। পরে নিউইয়র্ক ও কানাডার অন্টারিওর মধ্যবর্তী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখার উদ্যোগ নেওয়া হয়।
