২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কোনো ‘আঞ্চলিক পাহারাদার’ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই শনিবার এ মন্তব্য করেন তিনি।
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।’
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা এই অঞ্চলের দেশগুলোর নিজেদেরই নিশ্চিত করা উচিত বলে মনে করেন পেজেশকিয়ান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও উত্তেজনা চলছে। ইরান এ জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে পূর্বানুমতির ব্যবস্থা চালু করেছে। একই সঙ্গে প্রণালিটি ব্যবহারের জন্য সার্ভিস ফি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে তেহরান।
হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে এ জলপথে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে। চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।
পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় ও চাপ থাকলেও তারা যুদ্ধ কিংবা সংঘাত দীর্ঘায়িত করতে চান না। শান্তি প্রতিষ্ঠা করাই তাদের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধ কিংবা এই সংঘাতের দীর্ঘসূত্রতা চাই না। শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের মূল অগ্রাধিকার।’
ইরানের প্রেসিডেন্টের এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে।
