২৪ঘণ্টা অনলাইন : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করা একটি জাহাজ নিখোঁজ হয়েছে। ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
জাহাজটি জাভা সাগর দিয়ে বানজারমাসিনের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ অবস্থান অনুযায়ী, জাহাজটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল।
জাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর এর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ। বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, যাত্রাপথে জাহাজটি উত্তাল সমুদ্রের কবলে পড়েছিল। এরপর থেকেই এর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়।
তবে জাহাজটি ডুবে গেছে কি না কিংবা অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
বানজারমাসিন রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জানিয়েছেন, নিখোঁজ জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
