২৪ঘণ্টা অনলাইন : ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবারের এসব হামলায় আবাসিক ভবন, যানবাহন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন ব্যবহার করেছে। তার দাবি, ইউক্রেনের অর্থনীতি ও যুদ্ধকালীন প্রয়োজনীয় অবকাঠামো দুর্বল করতেই রাশিয়া হামলা জোরদার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জাপোরিজিয়া, দানিপ্রো ও ক্রিভি রিহ এলাকায় কয়েকটি ইস্পাত কারখানা ও শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ফ্রন্টলাইন শহর ক্রামাতোর্স্কের সিটি কাউন্সিল জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলার শিকার গাড়িগুলোতে বেসামরিক মানুষ ছিলেন এবং এগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।
এদিকে কিয়েভের পশ্চিমে ঝিতোমির অঞ্চলের জভ্যাহেল শহরে একটি মুদি দোকানে হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিটালি বুনেচকো। হামলায় দুটি পেট্রল পাম্প ও একটি বিদেশি বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় সেখানে তিনজন নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের হামলার প্রভাব প্রতিবেশী মোলদোভাতেও পড়েছে। সীমান্তের কাছে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর দেশটি প্রায় এক ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সাতটি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ রাখে।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি স্থাপনা, অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে। এতে বেসামরিক হতাহতের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও বাড়ছে।
