২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং গুরুত্বপূর্ণ নৌ ও স্থলপথে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ১৪ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১০২ ডলারের ওপরে ওঠে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ১৩ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২.৯০ ডলার বা ২.৭৭ শতাংশ বেড়ে ১০৭.৫১ ডলারে দাঁড়ায়। ডব্লিউটিআই ফিউচার্সের দামও ২.২৭ ডলার বা ২.২৭ শতাংশ বেড়ে ১০২.৩২ ডলারে ওঠে। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি বেড়েছিল।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলা এবং উপসাগরে একটি জাহাজে হামলার খবরের পর সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ড্রোন হামলার পর বন্ধ হয়ে যাওয়ায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।
ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাইপলাইনটি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ঘটনার পর জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির উপকূলের কাছে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজে একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।
অন্যদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে বলে খবর এসেছে। এতে বাব আল-মান্দেব প্রণালিতে তাদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ এই নৌপথ দিয়ে পরিবহন হয়েছে।
সরবরাহ সংকটের আশঙ্কায় গত সপ্তাহেই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোরের মতে, চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে কিংবা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু করা না গেলে তেলের দাম আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে দাম মার্চের শুরুর দিকে দেখা ১১৯.৪৮ ডলারের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছাতে পারে।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সোমবারের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
