২৪ঘণ্টা অনলাইন : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন আশঙ্কা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সাম্প্রতিক সতর্কবার্তার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে চীনেও।
তবে এআই ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলে পার্থক্য রয়েছে। চীনের নীতিনির্ধারকেরা মনে করছেন, কঠোর আইন, কারিগরি মানদণ্ড এবং সরকারি নজরদারির মাধ্যমে এআইকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে এআই নীতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে চীন এআই এজেন্টের ‘নিয়ন্ত্রণ হারানোর’ ঘটনাকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।
গত মে মাসে দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক, অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ও শিল্প মন্ত্রণালয় এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে নীতিগত অবস্থান জানায়। এতে বলা হয়, এআইয়ের ভুল আচরণ শনাক্ত করে তা সংশোধন বা বন্ধ করার সক্ষমতা ডেভেলপারদের থাকতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতেই রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
এআই এজেন্টের নিরাপত্তায় বাধ্যতামূলক জাতীয় মানদণ্ড তৈরির উদ্যোগও নিয়েছে চীন। পাশাপাশি দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘ওপেন-ওয়েট’ এআই মডেলের ব্যবহার বাড়ছে। এসব মডেলের অভ্যন্তরীণ কাঠামো বিশ্লেষণ ও নিরাপত্তা যাচাইয়ের সুযোগ থাকায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সহজে ত্রুটি শনাক্ত করতে পারেন।
তবে চীনা এআই মডেলও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। সম্প্রতি দেশটির একটি এআই মডেল যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের পরীক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে পশ্চিমা দেশগুলোর কোথাও কোথাও এআই উন্নয়নের গতি কমানোর দাবি উঠলেও চীন অর্থনীতির বিভিন্ন খাতে দ্রুত এআই ব্যবহারের পক্ষে। তবে প্রযুক্তি যেন সরকারের নির্ধারিত নীতিমালার বাইরে না যায়, সে বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে বেইজিং।
২০২৩ সালে দেশটির জেনারেটিভ এআই নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে কয়েক মাস নতুন চ্যাটবট উন্মোচন স্থগিত রাখার ঘটনাও চীনের নিয়ন্ত্রণমূলক অবস্থানের উদাহরণ হিসেবে সামনে আসে।
সব মিলিয়ে চীনের বার্তা স্পষ্ট—এআই প্রযুক্তির বিকাশ দ্রুত হবে, তবে এর নিয়ন্ত্রণ কোনোভাবেই মানুষের হাতের বাইরে যেতে দেওয়া হবে না।
