শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শেয়ারবাজারের সংকট কাটাতে বাস্তবসম্মত সমাধানের তাগিদ

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ০৮:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পুঁজিবাজারের দীর্ঘদিনের সংকট কাটাতে শুধু সমস্যা চিহ্নিত না করে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান বের করার ওপর জোর দিয়েছেন দেশের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। একই সঙ্গে বাজারে তারল্য বাড়ানো, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তারা।

১৫ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ডরুমে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব প্রস্তাব উঠে আসে। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, অংশীজনদের বাস্তব অভিজ্ঞতা ও গঠনমূলক পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী এসব প্রস্তাব ডিএসইর বোর্ড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি এগিয়ে চলছে। প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত প্রস্তুতি শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক পাঁচটি ব্রোকারেজ-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়েও ডিএসই কাজ করছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজারের বর্তমান সংকটের পাশাপাশি অতীতের অমীমাংসিত বিষয়গুলোও আলোচনায় এসেছে। তার মতে, শুধু সমস্যার তালিকা তৈরি করলে হবে না, প্রতিটি সমস্যার বাস্তবসম্মত সমাধানও নির্ধারণ করতে হবে।

বৈঠকে বাজারে তারল্য বাড়ানো ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। নতুন ট্রেডিং কৌশল ও আর্থিক পণ্য চালুর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের কথাও বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের মেয়াদ ও ঋণ পরিশোধের সময় বাড়ানোর বিষয়টি পর্যালোচনা, ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তারল্য চাপ কমাতে মেম্বারস মার্জিন নেট-অফের সুযোগ এবং বাজারে বন্ডসহ বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্টের পরিধি বাড়ানোর প্রস্তাব এসেছে।

অংশগ্রহণকারীরা ইন্সপেকশন ও সার্ভিলেন্স কার্যক্রমকে আরও নিয়মিত, স্বচ্ছ, তথ্যনির্ভর ও ঝুঁকিভিত্তিক করার ওপর গুরুত্ব দেন। অস্বাভাবিক মূল্য পরিবর্তন ও প্রকৃত অনিয়ম শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিগত ও প্রক্রিয়াগত বাধা দূর করা, শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে উৎসাহ দেওয়া এবং দীর্ঘ মেয়াদে শেয়ার বাইব্যাকের সুযোগ চালুর সম্ভাবনা পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক জানান, আইটি ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ইতোমধ্যে বোর্ড অনুমোদন করেছে। বিনিয়োগকারী সুরক্ষায় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও তথ্যভিত্তিক সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে।

তিনি আরও জানান, অনলাইনে হিসাব খোলা, খুচরা বিনিয়োগকারীদের সেবা সহজ করা এবং টি+১ সেটেলমেন্টসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। নতুন ওয়েবসাইটের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নুজহাত আনোয়ার বলেন, ডিএসইর কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি পুরো পুঁজিবাজার ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন