২৪ঘণ্টা অনলাইন : পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ১৭ সেপ্টেম্বর ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ নামের জাহাজ তিনটি বন্দরে নোঙর করে।
এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাদকদল ব্যান্ড পরিবেশন করে।
সফরকালে চীনা নৌবাহিনীর প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
এ ছাড়া চীনা নৌসদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
পাঁচ দিনের সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।
